
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় সশস্ত্র ডাকাত দলের হামলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁনসহ ছয়জন আহত হয়েছেন। একই ডাকাত দল পরবর্তীতে একটি বাড়িতে হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের বাসিন্দা ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন ছুটিতে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় তিনি কয়েকজন বন্ধুর সঙ্গে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল সেখানে হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে এসিল্যান্ড সাকিব হাছান খাঁন, মুকুল (৩৮), রাজিব (৩২), রুবেল (৩৬), ফারুক (৩২) ও মুকুলের স্ত্রী ডালিয়া (৩৩) আহত হন। স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দল ঘটনাস্থল ত্যাগ করে।
আহতদের প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
ঘটনার প্রায় এক ঘণ্টা পর একই ডাকাত দল পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক ব্যক্তির বাড়িতে হানা দেয়। সেখানে পরিবারের সদস্যদের জিম্মি করে ২ লাখ ৭০ হাজার টাকা ও প্রায় ১৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয় ডাকাতেরা।
আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে মামলা নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুর রহমান জানান, ডাকাতরা পালানোর সময় যাকে সামনে পেয়েছে, তাকেই কুপিয়েছে। আহত এসিল্যান্ড বুকে আঘাত পেয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।