কুমিল্লার বুড়িচং উপজেলায় নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে দিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি ঘাতক স্বামীকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা র্যাব-১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম।
ধৃতের নাম মোঃ দুলাল (৩৮)। সে বুড়িচং উপজেলার পূর্ণমতি (পশ্চিম পাড়া, আবতুর বাড়ি) গ্রামের আব্দুল বারেকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বুড়িচং উপজেলার পূর্ণমতি পূর্বপাড়ার এলাকায় গত ৭ জানুয়ারি বুধবার দিবাগত রাতে নেশার টাকা চেয়ে স্ত্রী লিজা আক্তার (৩৪)-এর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান তার স্বামী দুলাল মিয়া (৩৭)। টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে সন্তানদের সামনে লিজাকে মারধর করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দুলাল মিয়া।
পরবর্তী সময় স্থানীয়রা আহত অবস্থায় লিজাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

নিহত লিজা আক্তার পূর্ণমতি পূর্বপাড়ার মৃত তাজুল ইসলামের মেয়ে এবং বাউল শিল্পী ইমন সরকারের বোন। অভিযুক্ত দুলাল মিয়া একই উপজেলার পূর্ণমতি গ্রামের তল্লা পাড়ার আব্দুল বারেকের ছেলে। তাদের সংসারে এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
তারা হলো রিফাত হোসেন (১৩), সাথী আক্তার (৯) ও সানজিদা আক্তার (৩)। হত্যাকাণ্ডের পর থেকে দুলাল মিয়া আত্মগোপনে ছিলেন।
উল্লেখ্য, গত ৭ জানুয়ারী সকাল ১১টার দিকে সন্তানদের সামনেই প্রকাশ্যে নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যা করে দুলাল। পরে তিনি পালিয়ে গিয়ে চট্টগ্রামের বউ বাজারে বোনের বাসায় আত্মগোপন করেন। প্রযুক্তির সহযোগিতায় তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে র্যাব-১১।