বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১০–দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। সর্বশেষ সমঝোতা অনুযায়ী, ৩০০ আসনের মধ্যে ২৯৪টিতে ১০ দলের একক প্রার্থী থাকবে। আর ৬টি আসন উন্মুক্ত রাখা হয়েছে, সেগুলোতে একাধিক দলের প্রার্থী রয়েছে।
১০ দলীয় জোট সূত্রগুলো বলছে, ২১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে জামায়াতে ইসলামী। এসব আসনে ১০–দলীয় নির্বাচনী ঐক্যে থাকা অন্য কোনো দলের প্রার্থী থাকছে না। তবে উন্মুক্ত থাকা আসনগুলোতে শেষ পর্যন্ত সমঝোতা হলে জামায়াতের আসন বাড়তেও পারে।
এদিকে আসন কমে গেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলটির সদস্যসচিব আখতার হোসেন একটি সংবাদমাধ্যমকে জানান, ২৯ আসনে এনসিপির একক প্রার্থী থাকছেন। মৌলভীবাজার-৪ আসনটি উন্মুক্ত থাকবে, যেখানে বাংলাদেশ খেলাফত মজলিসেরও প্রার্থী রয়েছেন। ফলে একক হিসেবে তাদের একটি আসন কমে গেছে।
এ ছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২৩টি, খেলাফত মজলিস ১২টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ৩টি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসনে এককভাবে নির্বাচন করবে।